লালমনিরহাটে রাজনৈতিক প্রতিপক্ষ ও স্বার্থান্বেষী মহলের অপপ্রচার, মিথ্যাচার এবং শিষ্টাচারবহির্ভূত কুৎসিত রাজনীতির প্রতিবাদে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। বুধবার (২৪ জুন) দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় মিশন মোড়স্থ খামারবাড়ি প্রাঙ্গণ থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিস)। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কামাল আনোয়ার আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে কামাল আনোয়ার আহমেদ বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রতিপক্ষ ও স্বার্থান্বেষী মহল বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর দীর্ঘদিনের গৌরবময় রাজনৈতিক ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে দেশব্যাপী পরিকল্পিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে তারা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত নানা কুরুচিপূর্ণ কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশকে কলুষিত করার অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “অপপ্রচার ও মিথ্যাচারের উপযুক্ত জবাব রাজপথেই দেওয়া হবে। জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করা হবে।” সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম টিটু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নজরুল আলম নাজু এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী।
জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং যেকোনো অপপ্রচার, ষড়যন্ত্র ও রাজনৈতিক কুৎসার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন। সমাবেশ শেষে প্রধান অতিথি কামাল আনোয়ার আহমেদ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :