নড়াইলের লোহাগড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া ও কেক কাটার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাচই গ্রামের মো. মজনু তালুকদার (২৭) এবং মোতায়ের মোল্যা (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে লোহাগড়া রেলস্টেশন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। এ অভিযোগের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, তাদের বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ব্যবস্থা নেয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :