রাজধানীর ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ছয়টার দিকে সাতমসজিদ সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালী (২৮), অশোক ঢালী (৩০), ইবাদুল ইসলাম (২১), মিলন বারৈ (২০), সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), সৌরভ হাওলাদার (২৩), জয় (২৮) এবং মাহবুব হাওলাদার (৪০)।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে যুবলীগের প্রতীকসংবলিত ১৫টি টুপি, বিভিন্ন নেতাকর্মীর ছবিযুক্ত আটটি গেঞ্জি এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের যাতায়াতের জন্য ব্যবহৃত দুটি বাস ও একটি ব্যক্তিগত গাড়িও জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আকস্মিক মিছিলের প্রস্তুতির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :