রাজধানীতে আয়োজিত এক প্রতিবাদ মিছিল শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশবিরোধী সব ধরনের সন্ত্রাসী তৎপরতা জনগণকে সঙ্গে নিয়েই প্রতিহত করা হবে। তাঁর অভিযোগ, পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলটির নেতাকর্মীদের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এ মিছিলের আয়োজন করা হয়।
রুহুল কবির রিজভীর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
রিজভী বলেন, বিদেশে পাচার করা অর্থের জোরে পতিত শক্তি নতুন করে ষড়যন্ত্রে নেমেছে। তবে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকায় তাদের কোনো অপচেষ্টা সফল হবে না। তিনি দৃঢ়ভাবে বলেন, বাংলাদেশে আর কোনো স্বৈরশাসনের প্রত্যাবর্তনের সুযোগ নেই এবং দেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও কোনো বিদেশি প্রভাবের কাছে সমর্পণ করা হবে না।
আপনার মতামত লিখুন :