কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্যদের বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগ তুলে এর প্রতিবাদে কুড়িগ্রাম জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) শহরে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং দেশে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা সোহেল হোসনাইন কায়কোবাদসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ও উসকানিমূলক তৎপরতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

বক্তারা আরও বলেন, দেশের সার্বিক স্থিতিশীলতা, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Advertisement

Link copied!