জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ

জামাল উদ্দিন , কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০৪:৩৫ পিএম

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে এক অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বেলা ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিভিল সার্জনের কার্যালয়, কিশোরগঞ্জ এই সভার আয়োজন করে। সভায় বক্তারা জানান, আগামী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো প্রয়োজন। নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। এছাড়া উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয় এবং শিশুদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে, আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে ময়মনসিংহ জেলায় মোট ৯ লাখ ৩০ হাজার ৭৭১ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

Advertisement

Link copied!