সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

রাসেদুল ইসলাম , লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০৪:৩৫ পিএম

ঢাকা ধানমন্ডি-৩২ এলাকায় জামায়াতের সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে নড়াইল শহরের আদালত সড়কে নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক, সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ লাবলু, সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা, কাজী হাফিজুর রহমান, আল আমিনসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি। তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার মুখে পড়তে হলে জনগণের তথ্য জানার অধিকারও বাধাগ্রস্ত হয়।

তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু কোনো ব্যক্তির ওপর আঘাত নয়; এটি স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত বক্তারা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে দেশের সকল গণমাধ্যমকর্মীর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে সংহতি প্রকাশ করেন।

 

Advertisement

Link copied!