মাদারীপুরের রাজৈরে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ মামলায় নাফিজ মোল্লা নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বুধবার (২৪ জুন) দুপুরে মাদারীপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আ.স.ম শহীদুল্লাহ কায়সার এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত নাফিজ মোল্লা রাজৈর উপজেলার পূর্বকান্দি শাখারপাড় গ্রামের মতিয়ার মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শরীফ মো. সাইফুল কবীর।
জানা যায়, ২০২৩ সালের ২১ মার্চ ভোরে ভুক্তভোগীকে (১৫) প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরণ করে নাফিজ ও তার সহযোগীরা। পরে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে নাফিজ। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও প্রধান আসামি নাফিজকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রাজৈর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। চার্জশিট দেওয়ার পর ৩ বছরের মাথায় আসামি নাফিজকে ১৪ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করে তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শরীফ মো. সাইফুল কবীর বলেন, এই রায়ে মামলার বাদী ন্যায় বিচার পেয়েছেন। তারা এ রায়ে সন্তুষ্ট হয়েছে। আমরা রাষ্ট্র পক্ষও সন্তুষ্ট হয়েছে।
আপনার মতামত লিখুন :