ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে এ আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরানের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আগামী ৪ জুলাই থেকে কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ জুলাই তেহরানের দক্ষিণে অবস্থিত পবিত্র নগরী কোমে বিশেষ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে। পরে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর ও খামেনির জন্মস্থান মাশহাদে তাকে চূড়ান্তভাবে দাফন করা হবে।
খামেনির জানাজার সময়সূচি নিয়ে চলতি বছরের শুরু থেকেই নানা আলোচনা চলছিল। প্রথম দিকে জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনার কথা শোনা গেলেও পরে রাষ্ট্রীয় গণমাধ্যম আনুষ্ঠানিকভাবে জুলাই মাসের তারিখ ঘোষণা করে।
রাষ্ট্রীয় জানাজাকে ঘিরে তেহরান, কোম ও মাশহাদে বিপুল মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, প্রায় দুই কোটি মানুষ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।
প্রত্যাশিত সংখ্যক মানুষ উপস্থিত হলে ১৯৮৯ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় অংশ নেওয়া এক কোটির বেশি মানুষের রেকর্ড অতিক্রম হতে পারে।
আপনার মতামত লিখুন :