বিশ্বকাপ চলাকালীন যুক্তরাষ্ট্রের ডালাস শহরের রাস্তায় এক নওমুসলিম নারী হাওয়া নিজ উদ্যোগে বিনামূল্যে কোরআন বিতরণ করছেন। রাস্তার পাশে বসে তিনি বিভিন্ন মানুষের হাতে পবিত্র কোরআন তুলে দিচ্ছেন।
সম্প্রতি ইহুদি ধর্ম থেকে ইসলাম গ্রহণ করার পর হাওয়া মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেন। নিজের প্রচেষ্টাতেই তিনি এই কাজ শুরু করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দৃশ্যচিত্রে দেখা যায়, বোরকা ও হিজাব পরিহিত হাওয়া একটি নীল টেবিলের সামনে বসে রাখা কোরআনের কপি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিতরণ করছেন।
তিনি প্রতিদিন প্রায় আট ঘণ্টা দাঁড়িয়ে থেকে বিনামূল্যে ইংরেজি ও স্পেনীয় ভাষার কোরআন বিতরণ করেন, যাতে মানুষ ইসলাম সম্পর্কে সঠিক ধারণা পেতে পারে এবং মুসলিমদের সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। কোরআনের পাশাপাশি তিনি একটি তথ্যপত্রও বিতরণ করেন এবং আগ্রহীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন।
হাওয়া জানান, তার এই উদ্যোগে অনেকেই ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে উঠছেন। তার মতে, যুক্তরাষ্ট্রে মুসলিম জনগোষ্ঠীও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
অনেকে তার এই কর্মকাণ্ডকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। ধর্ম যখন ভালোবাসা ও মানবসেবার মাধ্যমে উপস্থাপিত হয়, তখন তা মানুষের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে ওঠে।
আপনার মতামত লিখুন :