মশা মারতে সেনাবাহিনী মোতায়েন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ০৭:৪২ পিএম

ডেঙ্গু জ্বরের উদ্বেগজনক বিস্তার রোধে সশস্ত্র বাহিনীকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন এক হাজারেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসা ব্যবস্থার ওপর ক্রমেই বাড়ছে চাপ।

মঙ্গলবার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকের কার্যালয় থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ কার্যদল গঠন করা হবে। এই কার্যদল দেশের বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল খুঁজে বের করে তা ধ্বংসের কাজ পরিচালনা করবে।

সরকারি হিসাবে, চলতি বছরে শ্রীলঙ্কায় প্রায় ৫০ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ২৯ জন। যদিও এই সংখ্যা এখনো ২০১৭ সালের ভয়াবহ প্রাদুর্ভাবের তুলনায় অনেক কম। ওই বছর দেশটিতে ১ লাখ ৮৬ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৪৪০ জনের মৃত্যু ঘটে।

রাষ্ট্রপতির কার্যালয় আরও জানিয়েছে, ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি তাদের স্থাপনায় মশার বংশবিস্তারের সুযোগ সৃষ্টি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বুধবার থেকে দেশব্যাপী মশার প্রজননস্থল পরিষ্কার ও ধ্বংসে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই সতর্ক করেছে যে, জলবায়ুর পরিবর্তনের ফলে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের বিস্তার দ্রুত বাড়ছে। শ্রীলঙ্কাতেও জুন মাসের শুরু থেকে সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে একদিনেই এক হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।

জাতীয় ডেঙ্গু নিয়ন্ত্রণ ইউনিটের প্রধান কাপিলা কান্নাঙ্গারা বলেছেন, সংক্রমণের গতি এভাবে বাড়তে থাকলে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়তে পারে।

তিনি সতর্ক করে বলেন, “হাসপাতালগুলো ইতোমধ্যেই অতিরিক্ত চাপের মুখে রয়েছে। ২০১৭ সালের মতো ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।”

Link copied!