ইরানের তেল বাণিজ্যে দুই মাসের ছাড় দিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১০:৩০ পিএম

যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি তেল খাতের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের অর্থভাণ্ডার বিভাগ এ-সংক্রান্ত একটি সাধারণ অনুমতিপত্র জারির কথা জানিয়েছে। এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা।

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানে উৎপাদিত অপরিশোধিত তেল, পেট্রোরসায়নজাত পণ্য এবং অন্যান্য খনিজ তেলভিত্তিক পণ্যের উৎপাদন, সরবরাহ ও বিক্রিসংক্রান্ত কিছু লেনদেন বৈধভাবে পরিচালনা করা যাবে।

অর্থভাণ্ডার বিভাগের জারি করা ৬০ দিনের এই অনুমতিপত্র ইরানের জ্বালানি খাতকে সাময়িক স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। এর আওতায় সংশ্লিষ্ট বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সমাজমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে বিশ্বকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ চলছে।

তিনি জানান, সুইজারল্যান্ডে চলমান ফলপ্রসূ আলোচনার ধারাবাহিকতায় ইরান হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

বেসেন্ট আরও বলেন, ওই অঙ্গীকারের অংশ হিসেবেই ইরানের তেল উৎপাদন, সরবরাহ ও বিক্রির ক্ষেত্রে সাময়িক অনুমোদন দিয়ে ৬০ দিনের সাধারণ লাইসেন্স জারি করা হয়েছে।

Link copied!