নাঙ্গলকোটে ভাই হত্যা মামলায় বোন গ্রেফতার, স্বামী-ছেলে পলাতক

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১১:২৬ এএম

রাশেদ হোসাইন, নাঙ্গলকোট: কুমিল্লার নাঙ্গলকোটে বাঁশ কাটাকে কেন্দ্র করে ইব্রাহিম মিয়া (৫৬) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের আপন বোন নাছিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মৌকরা ইউনিয়নের পৌছইর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম মিয়া ওই গ্রামের ছেরু মিয়ার বাড়ির মৃত হোছেন মিয়ার ছেলে। গ্রেফতারকৃত নাছিমা বেগম তার আপন বোন।পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির বাঁশ কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ভাইবোনের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন নাছিমা বেগম, তার ছেলে অজিউল্লাহ ও স্বামী কোব্বাত আলী জোরপূর্বক বাঁশ কাটতে গেলে ইব্রাহিম মিয়া বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা ইব্রাহিম মিয়াকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

নিহতের মেয়ে আফরোজ আক্তার বলেন, তার ফুফু নাছিমা বেগম, ফুফাতো ভাই অজিউল্লাহ ও ফুফা কোব্বাত আলী সংঘবদ্ধভাবে তার বাবার তলপেট, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয়দের সহায়তায় নাছিমা বেগমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করা হয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Advertisement

Link copied!