আলম চৌধুরী: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় কৃষি ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ) উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়।মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গাজালা পারভীন রুহি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোহরগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম সরোয়ার তুষার, উপজেলা কৃষি কর্মকর্তা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মচারী, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা দেশীয় ফলের পুষ্টিগুণ, অর্থনৈতিক গুরুত্ব এবং ফল চাষ সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন।
মেলায় বিভিন্ন স্টলে দেশীয় ও মৌসুমি ফলের মনোমুগ্ধকর প্রদর্শনী করা হয়েছে। দর্শনার্থীদের জন্য আম, কাঁঠাল, লিচু, আনারস, তরমুজ, জাম, পেয়ারা, কলা, নারিকেলসহ নানা ধরনের দেশীয় ফল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাশাপাশি ফল চাষের আধুনিক প্রযুক্তি, রোগবালাই দমন, ফল সংরক্ষণ ও বাজারজাতকরণ সম্পর্কিত তথ্যও তুলে ধরা হচ্ছে।
আয়োজকরা জানান, ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত চলমান এ মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দেশীয় ফল খাওয়ার অভ্যাস বৃদ্ধি, পুষ্টি সচেতনতা সৃষ্টি এবং কৃষকদের ফল চাষে আরও উৎসাহিত করাই মূল লক্ষ্য। মেলায় আগত দর্শনার্থীরা বিভিন্ন ফলের স্বাদ গ্রহণের পাশাপাশি ফল উৎপাদন ও পরিচর্যা সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মনোহরগঞ্জ, কুমিল্লা এর আয়োজনে অনুষ্ঠিত এই তিন দিনব্যাপী ফল মেলা স্থানীয় কৃষি উন্নয়ন ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :