টাঙ্গাইলের মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুই অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে সকাল ৭টা ২০ মিনিট থেকে ৮টা পর্যন্ত উপ-পরিদর্শক তপু খানের নেতৃত্বে একটি দল মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের নয়াপাড়া নগর ছাওয়ালী গ্রামে অভিযান চালায়। এ সময় মো. রোকনুজ্জামান (৩২) নামের এক ব্যক্তির নিজ বসতঘর থেকে ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
অপর অভিযানে একই ইউনিয়নের ভাতকুড়া গ্রামের পূর্বপাড়া এলাকায় একটি স-মিল সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে রাসেল (৩৭) ও মনিরুজ্জামান বাবু (৪০) নামে দুইজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাপুর থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।জেলায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :