প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলমের বিশেষ বরাদ্দে আলীরচর শ্রী শ্রী দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মোঃ নাঈমুজ্জামান নাঈম , নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ০৪:৪৯ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের আলীরচর এলাকায় স্থানীয় সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলমের এডিপি'র বিশেষ বরাদ্দে আলীরচর শ্রী শ্রী দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আলীরচর আখড়া প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মন্দির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম। এ সময় উছমানপুর ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, আলীরচর গ্রামের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে আলীরচর গ্রামের সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আলীরচর আখড়া প্রাঙ্গণে দীর্ঘদিনের প্রত্যাশিত দুর্গা মন্দির নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ায় তারা আনন্দিত। তারা স্থানীয় সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগকে এলাকার ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

স্থানীয়দের আশা, মন্দির নির্মাণ সম্পন্ন হলে আলীরচর এলাকার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় কার্যক্রম পরিচালনায় নতুন সুযোগ সৃষ্টি হবে এবং এটি স্থানীয় ধর্মীয় ও সামাজিক ঐক্যকে আরও সুদৃঢ় করবে।

Advertisement

Link copied!