ইয়াবা-গাঁজা বিক্রির সময় বাবা-ছেলে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ০৫:১২ পিএম

ফটিকছড়িতে মাদক বিক্রির সময় ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৩টি ইয়াবা বড়ি ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট সদর এলাকার সানমুন ক্লাবসংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের মোহাম্মদ আজম ও তার ছেলে ফাহিম।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে ইয়াবা কেনাবেচার সময় হাতেনাতে বাবা-ছেলেকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৪৩টি ইয়াবা বড়ি ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বিবিরহাটসহ ফটিকছড়ির বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি একটি সংঘবদ্ধ মাদকচক্রের সঙ্গেও তাদের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করা হচ্ছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Advertisement

Link copied!