মাগুরার শালিখা উপজেলায় পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সবুজায়নের লক্ষ্যে বিশেষ কর্মসূচির আওতায় ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে ১০০টি ডাস্টবিন এবং ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ভিত্তিক পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়।
মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর অভিপ্রায় অনুযায়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে দুটি করে মোট ১০০টি ডাস্টবিন বিতরণ করা হয়। একইসঙ্গে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রতিটি বিদ্যালয়ে ১০টি করে মোট ৫০০টি গাছের চারা ও চারাগুলো সুরক্ষার জন্য প্রয়োজনীয় বেড়া প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম. সাব্বির আহমেদ, শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাগুরা জেলা বিএনপির সদস্য মুন্সী মনিরুজ্জামান চকলেট, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রধান আতিথি বলেন,বিদ্যালয়ভিত্তিক পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে যেমন সবুজ পরিবেশ সৃষ্টি হবে, তেমনি শিক্ষার্থীরা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আরও সচেতন হবে।
এছাড়া উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে আরও ৭০টি বৃক্ষরোপণ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় জনগণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, তাঁর উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়ন ও বৃক্ষায়ন কার্যক্রম নতুন গতি পেয়েছে।
আপনার মতামত লিখুন :