ফখরুল ইসলাম ,চান্দিনা: কুমিল্লার চান্দিনা উপজেলার রানীচড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকশানা আখতারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ জুন) বিদ্যালয় ভবনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহাজান সাজু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা রানী পাল, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ বশির উল্লাহ প্রধান, মোহাম্মদ রেজাউল করিম মহসিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষক রোকশানা আখতার দীর্ঘ তিন দশক ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর স্নেহ, মমতা ও দায়িত্বশীলতা শিক্ষার্থী, সহকর্মী এবং অভিভাবকদের কাছে তাঁকে একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বিদায়ী শিক্ষক রোকশানা আখতার ১৯৯৬ সালে এ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং টানা ২০২৬ সাল পর্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের দীর্ঘ ৩১ বছরে তিনি অসংখ্য শিক্ষার্থীকে প্রাথমিক শিক্ষার ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে রোকশানা আখতারকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আবেগঘন পরিবেশে তাঁর সুস্বাস্থ্য, সুখী অবসর জীবন ও দীর্ঘায়ু কামনা করেন। বিদায়ী বক্তব্যে রোকশানা আখতার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
আপনার মতামত লিখুন :