বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার এই ঘোষণা দেন। তিনি জানান, আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ শুরু হবে।
রাজধানীর ভারতীয় ভিসা কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও স্বাভাবিক ও গতিশীল করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীনেশ ত্রিবেদী জানান, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে একই দিনে ভিসা কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, বাংলাদেশে আসার পথেই ভিসা–সংক্রান্ত বিষয়টি তাঁর নজরে আসে। মানুষের যাতায়াত ও যোগাযোগের ক্ষেত্রে ভিসার গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
উল্লেখ্য, গত এপ্রিলে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে তাদের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের দীর্ঘ সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো সক্রিয় রাজনীতিবিদকে ভারত বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠিয়েছে। তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।
গত ১২ জুন বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেন দীনেশ ত্রিবেদী। তাঁর দায়িত্ব গ্রহণের পরপরই পর্যটন ভিসা পুনরায় চালুর এই ঘোষণা দুই দেশের জনগণের মধ্যে নতুন আগ্রহ সৃষ্টি করেছে।
আপনার মতামত লিখুন :