ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে কৈচাপুর ইউনিয়নের জোকাবিলের কান্দা গ্রামের একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে।
নিহত শিরিনা আক্তার (৩০) গাঙ্গিনাপাড়া এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তার স্বামী হাবিবুর রহমান (৪০) পলাতক রয়েছেন। তিনি বড়খালের পাড় গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই হাবিবুর রহমান ও তার দ্বিতীয় স্ত্রী শিরিনা আক্তারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। শিরিনার অভিযোগ ছিল, স্বামী তাকে নিয়মিত ভরণপোষণ দিতেন না।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন দুপুরে বাজার করে দেওয়ার কথা বলে হাবিবুর রহমান স্ত্রীকে জোকাবিলের কান্দা গ্রামের একটি ফসলি জমিতে নিয়ে যান। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি কোদালের গাড়া দিয়ে শিরিনার মাথায় আঘাত করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
নিহত শিরিনা আক্তারের এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। কন্যার বয়স নয় বছর এবং পুত্রসন্তানের বয়স দেড় বছরের কিছু বেশি।
নিহতের ফুফু আনোয়ারা জানান, হাবিবুর রহমানের আগেও একটি সংসার ছিল। সেই সংসার থাকার পরও ভালোবেসে শিরিনাকে বিয়ে করেন তিনি। তাদের বাড়ি পাশাপাশি গ্রামে। ঘটনার পর অভিযুক্তের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে তালা ঝুলছে এবং পরিবারের সদস্যরা সেখান থেকে চলে গেছেন।
হালুয়াঘাট থানার তদন্ত শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :