আজাহারুল ইসলাম লিটন,তারাকান্দা: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১ নম্বর তারাকান্দা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নাথপাড়া এলাকার একটি পারিবারিক কালীমন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। শুক্রবার (২৬ জুন) দুপুরে অভিযোগ পাওয়ার পর তারাকান্দা থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) রাশিদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মন্দিরসংলগ্ন বাড়ির বাসিন্দা চন্দন কুমার দেবনাথ জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা সবকিছু স্বাভাবিক রেখে ঘুমিয়ে পড়েন।
শুক্রবার সকালে নন্দন কুমার দেবনাথ ঘুম থেকে উঠে দেখেন, কে বা কারা রাতের আঁধারে মন্দিরে থাকা কালী প্রতিমাগুলো ভাঙচুর করেছে। প্রতিটি প্রতিমার মাথা ভেঙে ফেলা হয়েছে। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে তারাকান্দা
থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। চন্দন কুমার দেবনাথের চাচাতো ভাই তাপস পণ্ডিত বলেন, ‘এ ধরনের ঘটনায় আমরা মর্মাহত। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের তারাকান্দা উপজেলা শাখার আহ্বায়ক বিজন রায় ভৌমিক রতন ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘আমরা এ ঘটনার তীব্র
নিন্দা জানাই। পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে
সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।’ স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হলে এলাকায় ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের
ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :