তেতুলিয়ায় কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান: অবৈধ ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ, ১৫ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ১১:০৩ পিএম

ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীর হাঁসেরচর এলাকায় অবৈধভাবে বালু ও চরের কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি লোড ড্রেজার, তিনটি বাল্কহেড জাহাজ জব্দ এবং ১৫ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তেতুলিয়া নদীর হাঁসেরচর এলাকায় চরের কৃষিজমি ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি লোড ড্রেজার ও তিনটি বাল্কহেড জাহাজসহ ১৫ জনকে আটক করা হয়। জব্দ করা ড্রেজার ও বাল্কহেডগুলো হলো— 'লা ইলাহা ইল্লাল্লাহ' নামে একটি লোড ড্রেজার, 'এমভি জিহাদ-২' নামে একটি লোড ড্রেজার, 'এমভি আল-মদিনা', 'এমভি আরাবি' এবং 'এমভি লাব্বাইক-২' নামে তিনটি বাল্কহেড।

স্থানীয় সূত্রে জানা যায়, 'লা ইলাহা ইল্লাল্লাহ' লোড ড্রেজারের পরিচালক বোরহানউদ্দিন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফাইজুল ইসলাম এবং 'এমভি জিহাদ-২' ড্রেজারের পরিচালক বোরহানউদ্দিন থানার মোড় এলাকার আমতলার সুতা ব্যবসায়ী নুরনবী। অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু ও চরের কৃষিজমির মাটি উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন।

আটক ব্যক্তিরা হলেন— মো. স্বপন (৪৮), মো. জাহাঙ্গীর আলম (২২), মেহেদী হাসান (২৪), মো. আল-আমিন (২৬), মো. রাসেল (৩২), মো. আব্দুল বাসেদ (৫০), মো. সুমন (২০), মো. নোমান (১৯), মো. জসিম হাওলাদার (৪০), মো. কবির হোসেন (৩৫), মো. মফিজুল (৫৫), মো. ইসমাইল (৩৫), মো. রিয়াদ (২০), মো. আলমগীর (৪০) এবং মো. রাসেল (২৫)।

অভিযান শেষে ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ১৫ জনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জব্দ করা ড্রেজার ও বাল্কহেডগুলোর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, নদী ও চরের কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বালুখেকোদের দৌরাত্ম্য বন্ধ করে কৃষকদের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।

এদিকে কোস্ট গার্ডের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন হাঁসেরচর, চর বাঘমারা, চর লতিফ এবং গঙ্গাপুর ইউনিয়নের হাজারো কৃষক। তারা অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করায় বাংলাদেশ কোস্ট গার্ডকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়দের আশা, এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে নদীভাঙন কমবে এবং কৃষিজমি রক্ষা পাবে।

Advertisement

Link copied!