মালয়েশিয়া ও চীন সফর সফলভাবে শেষ করে দেশে ফিরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার প্রাঙ্গণে গিয়ে তিনি প্রথমে মা-বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার রাত আটটার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
জাতীয় সংসদের চলমান অধিবেশনে যোগ দেওয়ার আগে পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে জিয়া উদ্যানের মাজার প্রাঙ্গণে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আপনার মতামত লিখুন :