মালয়েশিয়া ও চীন সফরের সাফল্য দেশের মানুষের প্রাপ্তি: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ০১:৪৯ পিএম

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে যদি কোনো ইতিবাচক ফল বা সাফল্য অর্জিত হয়ে থাকে, তবে সেটি কোনো ব্যক্তির নয়; এটি বাংলাদেশের এবং দেশের মানুষের প্রাপ্তি।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সফলতা উপলক্ষে তাঁকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। পরে প্রধানমন্ত্রী এ জন্য সংসদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, সংসদের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে, এজন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি সংসদের সব সদস্যকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, দেশের মানুষ তাঁদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, সেটি হলো জনগণের স্বার্থ রক্ষা করা। তাঁদের রাজনৈতিক অঙ্গীকারও দেশের স্বার্থকে সর্বাগ্রে স্থান দেওয়া। সেই দায়িত্ব থেকেই তিনি দেশের ও দেশের মানুষের স্বার্থের কথা তুলে ধরেছেন এবং তা রক্ষার চেষ্টা করেছেন।

তারেক রহমান বলেন, এ ক্ষেত্রে কোনো ব্যক্তিগত বিষয়ের স্থান নেই। সফরের মাধ্যমে যদি কোনো সাফল্য অর্জিত হয়ে থাকে, তবে সেটি বাংলাদেশের অর্জন। আর দেশের মানুষ যদি এর সুফল পেয়ে থাকে, তবে সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি।

প্রধানমন্ত্রী আরও বলেন, সংসদের সব সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতা দেশের স্বার্থে কাজ করার জন্য তাঁকে উৎসাহ দিয়েছেন। এজন্য তিনি বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Link copied!