কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১১:২১ এএম

রাজধানীর কাঁটাবনের আল বারাকা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও তাদের আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে ১৪ তলা বিশিষ্ট আল বারাকা টাওয়ারের ১২ ও ১৩ তলার দুটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পলাশী ফায়ার স্টেশন থেকে দুটি এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।অগ্নিকাণ্ডে নিহত দুইজন হলেন জনি (২৫) ও সালাম (১৯)। জনির বাড়ি কিশোরগঞ্জে এবং সালামের বাড়ি বগুড়ায়। তারা দুজনই সংশ্লিষ্ট ভবনের ১২ ও ১৩ তলায় থাকা দুটি আইনজীবীর চেম্বারে সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ১৩ তলার ডি-১ ফ্ল্যাটের একটি ওয়াশরুম থেকে তাদের উদ্ধার করা হয়। পরে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুবও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনের ভেতরে আর কেউ আটকে নেই এবং নতুন করে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানতে তদন্ত চলছে।

Advertisement

Link copied!