বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ০৪:৫৩ পিএম

মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সম্প্রতি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের পরপরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে। হরমুজ প্রণালিতে একটি মালবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক সামরিক অভিযান চালায়। এর পাল্টা জবাব হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের প্রত্যক্ষ প্রতিক্রিয়া হিসেবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, বাহরাইন অভিযোগ করেছে, তাদের ভূখণ্ড লক্ষ্য করেও ইরান ড্রোন হামলা চালিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি বাহরাইনের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, ভোরে পরিচালিত হামলায় একাধিক ড্রোন বাহরাইনের ভূখণ্ডের দিকে ছোড়া হয়। তবে হামলার নির্দিষ্ট স্থান কিংবা লক্ষ্যবস্তুর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এ ধরনের হামলা বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে ব্যাহত করছে।

সূত্র: আল-জাজিরা

Link copied!