পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তাঁর ভাষায়, এই সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক সর্বোচ্চ ধাপে উন্নীত হয়েছে।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরকালে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য একটি দেশের সরকারপ্রধানের সঙ্গে নির্ধারিত বৈঠক স্থগিত রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেন। তাঁর মতে, এ ঘটনাই দুই দেশের সম্পর্কের গভীরতা ও পারস্পরিক গুরুত্বের প্রতিফলন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে আটটি সমঝোতা স্মারক এবং তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে মোংলা বন্দর এবং চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য বিশেষ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা স্থাপনের চুক্তি রয়েছে। পাশাপাশি তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতায় সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
ড. খলিলুর রহমান বলেন, কুনমিং থেকে বাংলাদেশে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোর গঠনের প্রস্তাব দিয়েছে বেইজিং। তবে এ বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
মালয়েশিয়া সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এ সফরেও ‘বাংলাদেশ ফাস্ট নীতি’র উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। মালয়েশিয়া সরকারের প্রকাশিত চিত্রচিত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশটির প্রধানমন্ত্রীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন ঘটেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, মালয়েশিয়া সফরে সন্ত্রাসবাদ দমন এবং বিনিয়োগ সহযোগিতা বিষয়ে দুটি নোট অব ভার্বাল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের লক্ষ্যে কাজ করার বিষয়ে উভয় দেশ একমত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ায় প্রায় দুই লাখ রোহিঙ্গা বসবাস করছে। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের নীতিগত বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া একযোগে কাজ করবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশকে উন্নয়নের স্থায়ী অংশীদার হিসেবে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থায় বাংলাদেশের নতুন সদস্যপদ অর্জনের প্রচেষ্টায় চীন সমর্থন দেবে।
আপনার মতামত লিখুন :