দেশের সেবাখাতে দুর্নীতির চিত্র এখনও উদ্বেগজনক। দুর্নীতির শিকার হওয়ার দিক থেকে দেশের বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে ময়মনসিংহ বিভাগ। অন্যদিকে ঘুষ লেনদেনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে খুলনা বিভাগ। এমন তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’-এ।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরা হয়।
জরিপ অনুযায়ী, জাতীয় পর্যায়ে সেবাগ্রহীতাদের ৮১ দশমিক ৬ শতাংশ কোনো না কোনো ধরনের দুর্নীতির শিকার হয়েছেন। একই সঙ্গে ৬৩ দশমিক ৬ শতাংশ সেবাগ্রহীতা ঘুষ দিতে বাধ্য হয়েছেন।
বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ময়মনসিংহ বিভাগে দুর্নীতির শিকার হয়েছেন ৮৮ দশমিক ৯ শতাংশ মানুষ, যা দেশের মধ্যে সর্বোচ্চ। একই বিভাগে ঘুষের শিকার হওয়ার হার ৬৬ দশমিক ৬ শতাংশ।
অন্যদিকে খুলনা বিভাগে ঘুষের শিকার হওয়ার হার ৭৩ দশমিক ৬ শতাংশ, যা বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ। এ বিভাগে দুর্নীতির শিকার হয়েছেন ৮৮ শতাংশ সেবাগ্রহীতা।
এ ছাড়া বরিশাল বিভাগে দুর্নীতির শিকার ৮৭ দশমিক ৬ শতাংশ এবং ঘুষের শিকার ৬৯ দশমিক ১ শতাংশ। রংপুর বিভাগে দুর্নীতির শিকার ৮৫ দশমিক ৭ শতাংশ ও ঘুষের শিকার ৬২ দশমিক ৮ শতাংশ। ঢাকা বিভাগে দুর্নীতির শিকার ৮০ দশমিক ১ শতাংশ এবং ঘুষের শিকার ৬৩ দশমিক ৯ শতাংশ।
এদিকে চট্টগ্রাম বিভাগে দুর্নীতির শিকার ৭৯ দশমিক ৪ শতাংশ ও ঘুষের শিকার ৫৯ দশমিক ৪ শতাংশ। সিলেট বিভাগে দুর্নীতির শিকার ৭৯ দশমিক ৩ শতাংশ এবং ঘুষের শিকার ৫৮ দশমিক ৯ শতাংশ। আর রাজশাহী বিভাগে দুর্নীতির শিকার ৭২ দশমিক ৯ শতাংশ ও ঘুষের শিকার ৫৮ দশমিক ৮ শতাংশ।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জরিপের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ প্রতিষ্ঠানের সাবেক অধ্যাপক সেকেন্দার হায়াত খান, পিকে মো. মতিউর রহমান, মোহাম্মদ শোয়ায়েব, অধ্যাপক সৈয়দ শাহাদাৎ হোসেন এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক এ কে এনামুল হক।
আপনার মতামত লিখুন :