দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টায় মালয়েশিয়া পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দ্রুত এগিয়ে নিতে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সাবেক প্রধান উপদেষ্টার চীন সফরের তুলনায় বর্তমান প্রধানমন্ত্রীর সফর অধিক ফলপ্রসূ হয়েছে। তাঁর ভাষ্য, অন্তর্বর্তী সরকারের কার্যকাল স্বল্প হওয়ায় দীর্ঘমেয়াদি উদ্যোগ বাস্তবায়নের সুযোগ সীমিত ছিল। অন্যদিকে নির্বাচিত সরকারের সঙ্গে চীনের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে ওঠায় আগের বিভিন্ন পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে এগোচ্ছে।
তিনি আরও জানান, রোহিঙ্গা সংকট সমাধানে চীন শক্তিশালী সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। তাঁর দাবি, অতীতেও বিএনপি সরকার দুই দফায় এই সংকট মোকাবিলা করেছে এবং এবারও বর্তমান সরকার এ সমস্যার সমাধানে সফল হবে।
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হূমায়ুন কবির বলেন, বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে দুই রাজনৈতিক দলের পারস্পরিক সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক ও সুদৃঢ় হবে।
তিনি আরও বলেন, দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিভিন্নভাবে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নের অংশীদার হিসেবেও কাজ করতে আগ্রহ দেখিয়েছে দেশটি। তাঁর মতে, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ, চীন ও মালয়েশিয়ার পারস্পরিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।
আপনার মতামত লিখুন :