‘মন্ত্রীদের আমার পেছনে ঘোরা উচিত’, পার্থর বক্তব্যে টেবিল চাপড়ালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ০৮:৪১ পিএম

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থর বক্তব্য শুনে টেবিল চাপড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে পার্থ বলেন, ভোলায় ১ দশমিক ৩ ট্রিলিয়ন ঘনমিটার গ্যাসের মজুত রয়েছে, যা একটি স্বর্ণখনির সমতুল্য। এত বিপুল সম্পদের কারণে মন্ত্রীদেরই তাঁর পেছনে ঘোরা উচিত। তাঁর এ মন্তব্যের পর প্রধানমন্ত্রী টেবিল চাপড়ে সমর্থন জানান।

বাজেটকে জনকল্যাণমুখী আখ্যা দিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, এই বাজেটে ৪১ লাখ পরিবার কার্ড, শারীরিক প্রতিবন্ধীদের সহায়ক সরঞ্জামের ওপর কর হ্রাস, নতুন উদ্যোগে সহায়তা এবং ক্যানসার, হৃদ্‌রোগ ও চক্ষুরোগের চিকিৎসাসংক্রান্ত ওষুধের দাম কমানোর প্রস্তাব রাখা হয়েছে। তিনি বলেন, এই বাজেটে তিনি একটি স্পষ্ট বার্তা দেখতে পেয়েছেন—একটি স্বৈরাচারী সরকার ও একটি গণমুখী সরকারের মধ্যে পার্থক্য। তাঁর ভাষায়, এই বাজেটের চিন্তাধারা সম্পূর্ণ জনকল্যাণকেন্দ্রিক।

বর্তমান সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে পার্থ বলেন, গত চার মাসের কোনো সংবাদপত্রে একটি ব্যাংক লুটের খবরও পাওয়া যাবে না। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে পরিচালিত কোনো দুর্নীতিও নেই। তাই সরকারকে ন্যায্য আস্থা দেওয়ার আহ্বান জানান তিনি। বাজেট নিয়ে রাজনৈতিক বিরোধিতা না করে এটিকে জাতীয় বিষয় হিসেবে বিবেচনা করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বানও জানান।

মদিনা সনদের ন্যায়বিচার ও মানবিকতার আদর্শের কথা উল্লেখ করে দেশে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেন পার্থ। তিনি বলেন, যাকাত দেশের অর্থনীতির একটি বড় অংশ হলেও তা এখনো অপ্রকাশিত রয়েছে। তাঁর প্রস্তাব, প্রতিটি নির্বাচনী এলাকায় যাকাত পাওয়ার উপযুক্ত ব্যক্তিদের একটি তথ্যভান্ডার তৈরি করা হোক। এতে প্রবাসীরাও সহজে যাকাত প্রদান করতে পারবেন। পাশাপাশি যাকাতদাতা ও যাকাতগ্রহীতাদের মধ্যে সংযোগ স্থাপনের জন্য একটি ‘যাকাত টেলিভিশন’ চালুরও প্রস্তাব দেন তিনি।

Advertisement

Link copied!