ইরানের অস্তিত্ব থাকবে না, ফের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১১:০৮ এএম

আবারও ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান কখনোই শিক্ষা নেবে না।

শনিবার (২৮ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প এ মন্তব্য করেন।

তিনি লেখেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী আবারও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংরক্ষণাগার, পাশাপাশি উপকূলীয় রাডার ঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপর তিনি মন্তব্য করেন, "খুব সম্ভবত তারা কখনোই শিক্ষা নেবে না।"

ইরানকে উদ্দেশ করে ট্রাম্প আরও লেখেন, "এমন সময় আসতে পারে, যখন আমরা আর সংযত অবস্থানে থাকতে পারব না। তখন অত্যন্ত সফলভাবে শুরু করা অভিযান সামরিকভাবে শেষ করতে বাধ্য হব। যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।"

হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনার পর শনিবার টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

নতুন এ হামলা এমন সময়ে হয়েছে, যখন গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে শুক্রবারও ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

 
 

Link copied!