যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হামলার জবাবে ‘চূর্ণবিচূর্ণ করে দেওয়ার মতো’ পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী। দুই দেশের চলমান সামরিক উত্তেজনার মধ্যেই প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অন্তর্বর্তী সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের প্রধান দায়িত্ব তেহরানের ওপর ন্যস্ত রয়েছে। তাই নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে এখন থেকে আগের চেয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী আরও বলেছে, শত্রুপক্ষ যদি যেকোনো অজুহাতে নতুন করে আগ্রাসন চালায়, যেমনটি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র করেছে বলে তাদের দাবি, তবে তার জবাব হবে কঠোর ও বিধ্বংসী। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন দুই দেশের স্বাক্ষরিত সমঝোতার পরিপন্থি। এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকলে চলমান শান্তি প্রচেষ্টা সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে।
এদিকে টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন সামরিক নেতৃত্ব এক বিবৃতিতে জানিয়েছে, রাষ্ট্রপতির নির্দেশেই এ হামলা চালানো হয়েছে।
মার্কিন পক্ষের দাবি, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক তৎপরতার প্রতিক্রিয়ায় এ অভিযান পরিচালিত হয়েছে। হামলায় ইরানের সামরিক নজরদারি ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, মানববিহীন উড়োজাহাজের ভাণ্ডার এবং সমুদ্রে মাইন স্থাপনের সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও জানানো হয়।
আপনার মতামত লিখুন :