বার্ষিক ৬ লাখ টাকা পর্যন্ত বেতন আয়ে করমুক্তির সুযোগ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১১:৩৮ এএম

সরকার ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান চার লাখ টাকার পরিবর্তে বেতনের এক-তৃতীয়াংশ করমুক্ত থাকার সুবিধা বিবেচনায় বছরে ছয় লাখ টাকা পর্যন্ত বেতনভুক্ত আয় করের আওতার বাইরে থাকবে। তবে কর রেয়াতের পরিধি সংকুচিত হওয়া এবং সঞ্চয়পত্র, সরকারি সিকিউরিটিজ ও স্থায়ী আমানতের সুদের ওপর কাটা উৎসে করকে চূড়ান্ত করের পরিবর্তে অগ্রিম কর হিসেবে গণ্য করার কারণে সামগ্রিকভাবে করের চাপ আগের মতোই থাকতে পারে।

আসন্ন অর্থবছরের বাজেটে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। নিয়মিত কর পরিশোধের মাধ্যমে জমি বা ফ্ল্যাটের প্রকৃত মূল্য প্রদর্শনের যে সুযোগ প্রস্তাবিত বাজেটে রাখা হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের ব্যাংকিং সেবা সহজ করতে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে করদাতা শনাক্তকরণ নম্বরের বাধ্যবাধকতা তুলে দেওয়া হচ্ছে। শেয়ারবাজার থেকে পাওয়া লভ্যাংশ আয়ের করহারেও কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছিল। মূল্যস্ফীতির প্রভাব থেকে নিম্ন ও মধ্যম আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে আগামী অর্থবছরে এই সীমা আরও বাড়িয়ে চার লাখ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে করমুক্ত আয়ের সীমা আরও ৫০ হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে।

কর বিশেষজ্ঞ স্নেহাশীষ বড়ুয়ার মতে, করমুক্ত আয়ের সীমা বৃদ্ধিতে নিম্ন আয়ের করদাতারা কিছুটা সুবিধা পেলেও অন্য খাতের আয়কারীদের করের চাপ বাড়তে পারে। কারণ, ব্যবসা, কৃষি, বাড়ি ভাড়া, আর্থিক সম্পদ বা অন্যান্য উৎস থেকে আয়কারীদের ক্ষেত্রে ন্যূনতম করহার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি সঞ্চয়পত্রের সুদের ওপর কাটা উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা এবং বিনিয়োগভিত্তিক কর রেয়াতের সীমা ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার ফলে অনেক করদাতার প্রকৃত কর দায় বাড়তে পারে।

অন্যদিকে, অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগও বহাল থাকছে না। ২০২৩-২৪ অর্থবছরে ১০ শতাংশ কর পরিশোধের মাধ্যমে এ সুযোগ চালু করা হয়েছিল, যা পরবর্তী অর্থবছরে ১৫ শতাংশে উন্নীত হয়। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে সেই সুবিধা সম্পূর্ণভাবে বাতিল করে।

Advertisement

Link copied!