বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, গোরস্থান ও ঈদগাহের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বিধি ৩০০-এর আওতায় দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সিটি করপোরেশন এলাকার বাইরে থাকা বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। সিটি করপোরেশনভুক্ত আসনগুলোর জন্যও পরবর্তীতে বরাদ্দ দেওয়া হবে।
এর আগে ঈদের আগে সরকারি দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের সদস্যদের ক্ষেত্রে তা না হওয়ায় সংসদে সমালোচনার সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলীয় সদস্যদের এলাকাতেও প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
এ সময় ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম মিলন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেও স্পিকার তাকে বক্তব্যের সুযোগ দেননি। পরে স্থানীয় সরকারমন্ত্রীকে বিষয়টি ব্যাখ্যা করার জন্য বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। জবাবে মন্ত্রী বলেন, জেলা পরিষদের বাইরে থাকা সিটি করপোরেশন এলাকাগুলোর জন্যও পরবর্তী সময়ে বরাদ্দ দেওয়া হবে।
আলোচনার একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজের সংসদীয় জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, বিরোধী দলের সদস্য হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করলেও তিনি কোনো ধরনের উন্নয়ন বরাদ্দ পাননি। বরং পাঁচবার গ্রেপ্তার হয়ে কারাবাসই ছিল তার প্রাপ্তি।
স্পিকার আরও বলেন, স্পিকারের দায়িত্ব পালনের কারণে তিনি ভোলা জেলার নানা সমস্যার বিষয়ে সংসদে সরাসরি কথা বলতে পারেন না। এর আগে ভোলার উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করায় বিরোধী দলীয় নেতাকে তিনি ধন্যবাদ জানান।
আপনার মতামত লিখুন :