সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই: বিএফইউজে মহাসচিব

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ০৬:২১ পিএম

বিএফইউজের মহাসচিব কাদের গনি বলেছেন, সাংবাদিকতায় অর্ধসত্য বা বিভ্রান্তিকর তথ্যের কোনো স্থান নেই। দেশে বর্তমানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট চলছে, আর এ সংকট কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রাজধানীর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত ‘গণমাধ্যমের স্বাধীনতা, আগ্রাসনরোধ ও জবাবদিহিমূলক কাঠামো’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অপসাংবাদিকতার সমালোচনা করে কাদের গনি বলেন, কিছু ‘বগল সম্পাদক’ এখন অত্যন্ত সক্রিয়। তারা পত্রিকা প্রকাশ করে বিভিন্ন সরকারি দপ্তর ও সচিবালয়ে গিয়ে তদবির বাণিজ্যে জড়িয়ে পড়ছেন। তাদের এমন কর্মকাণ্ড এবং হলুদ সাংবাদিকতার কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

তিনি বলেন, “যা ইচ্ছা তাই লিখে দেওয়া সাংবাদিকতা নয়। অথচ এমন ঘটনা অহরহ ঘটছে। এ কারণে গণমাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। সত্য লিখবেন, রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দেবে।”

সাংবাদিকদের বিবেকবান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা নিজেরাই অনেক ক্ষেত্রে আত্মসমর্পণ করে বসে আছি। দাস-সাংবাদিকদের মানুষ ঘৃণা করে।”

এ সময় তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় তৎকালীন সরকারের পক্ষে কিছু দলীয় আনুগত্যশীল সাংবাদিকের ভূমিকারও সমালোচনা করেন।

ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন কাদের গনি। তার দাবি, ২০২৫ সালে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে ১৪০টি ভুয়া প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রচারণার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

সেমিনারে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাছির জামাল বলেন, একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি বক্তব্য রাখেন।

Link copied!