সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক হিসাব খোলা এবং জমির নামজারির ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) দাখিলের বাধ্যবাধকতা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ নির্দেশনা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে শিক্ষার্থী ছাড়া অন্য সবার জন্য ব্যাংক হিসাব খোলার সময় কর শনাক্তকরণ নম্বর দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব ছিল। একই সঙ্গে বণ্টননামা দলিল নিবন্ধন এবং জমির নামজারির ক্ষেত্রেও এ নম্বর দাখিলের বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছিল।
এ প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। করের আওতা সম্প্রসারণ সরকারের লক্ষ্য হলেও সাধারণ মানুষকে কোনোভাবেই হয়রানির মুখে ফেলতে চায় না সরকার। তাই ব্যাংক হিসাব খোলা এবং জমির নামজারির ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর দাখিলের বাধ্যবাধকতা প্রত্যাহারের জন্য তিনি অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের ওপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি করে নয়, বরং হয়রানি কমিয়ে এবং মানুষের আস্থা অর্জনের মাধ্যমে করের ভিত্তি বিস্তৃত করতে চায় সরকার।
আপনার মতামত লিখুন :