অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা এবং নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে কিশোরগঞ্জ পৌরসভা।
সোমবার (২৯ জুন) দুপুরে কিশোরগঞ্জ পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন।
ঘোষিত বাজেটের মোট আকার ৭৪ কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ৭৮৬ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৫ কোটি ২ লাখ ৯৮ হাজার ৯১৩ টাকা, পানি সরবরাহ খাতে ৫ কোটি ৬ লাখ ৫৬ হাজার ২২২ টাকা, উন্নয়ন খাতে (সরকারি অনুদান ও রাজস্ব) ৭ কোটি ১২ লাখ ৫৮ হাজার ৫১৫ টাকা, প্রকল্প খাতে ২৫ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ১৩৫ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ৪৪ লাখ ৬১ হাজার টাকা। বাজেটে ১ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৭২৪ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
ব্যয়ের মধ্যে রাজস্ব খাতে ৩৩ কোটি ২৯ লাখ টাকা, পানি সরবরাহ খাতে ৫ কোটি ৬ লাখ ১৫ হাজার ৫৩০ টাকা, উন্নয়ন খাতে ৭ কোটি ৯ লাখ ৬০ হাজার ৫৩২ টাকা, প্রকল্প খাতে ২৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার টাকা এবং মূলধন খাতে ২ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী বলেন, নাগরিক সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা, শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবিনোদন, তথ্যপ্রযুক্তির প্রসার, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য সংগ্রহ ও অপসারণ, নালা ও সড়ক নির্মাণ-সংস্কার, শহরের অবকাঠামো উন্নয়ন, বহুতল পৌর সুপার মার্কেট নির্মাণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী এনায়েত কবির, ৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :