হাত বাড়ালেই মিলছে মাদক, চলছে অবাধে অনলাইন জুয়া খেলা এবং জন্ম নিবন্ধনে কৌশলে বয়স বাড়িয়ে অহরহ হচ্ছে বাল্যবিয়ের অনুষ্ঠান। এতে ধ্বংস হচ্ছে উঠতি বয়সের যুব সমাজ ও কিশোরীরা। এসবের বিরুদ্ধে সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়াঁতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে আয়োজন করা হয় বিট পুলিশিং কার্যক্রমের সমাবেশ। এ সমাবেশে মাদক, জুয়া ও বাল্য বিয়ে প্রতিরোধে এক শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান সমাবেশের সভাপতি নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। শপথ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ১৫৯ নেত্রকোনা-৩ আসনের এমপি ও নেত্রকোণা জেলা বিএনপি’র নির্বাচিত সাধারণ সম্পাদক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
এই শপথ অনুষ্ঠানে এমপিসহ বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার হাজারো জনতা হাত মুষ্ঠিবদ্ধ করে শপথ বাক্য পাঠ করেন। এতে বলা হয় আমি মাদক, জুয়া ও বাল্য বিয়ে প্রতিরোধে সরকারের প্রতিটি কার্যক্রমে সহযোগিতা করব। কোন মাদক ব্যবসায়ী ও সেবনকারী, জুয়া খেলোয়ার ও জুয়ার আয়োজনকারী এবং বাল্য বিয়ে দেওয়া-নেওয়ার কাজে কাউকে কোন প্রকার সহযোগীতা করব না। অনুষ্ঠানের প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম হিলালী এমপি সাধারণ জনগনের উদ্দেশ্যে শেষ বার্তা দিয়ে বলেন যদি কোন ব্যক্তি মাদক, জুয়া ও বাল্য বিয়ের অনুষ্ঠানে আশ্রয়-প্রশয় দেন এবং নিজে জড়িত থাকার প্রমাণ মিলে তখন আমি আপনাদেরকে চিনব না।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি বিএনপির কোন নেতাকর্মী মাদক, জুয়া ও বাল্য বিয়ের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত থাকার প্রমাণ মিলে সেক্ষেত্রে সারা জীবনের জন্য দল থেকে বহিস্কার করা হবে একই সাথে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে। কেন্দুয়া উপজেলার ৬ নং সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ২৬ জুন শুক্রবার সন্ধার পর এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সমাবেশে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হক, তিনি বলেন, সান্দিকোনা একটি মাদকের রেড জোন হিসেবে পরিচিত।
ইতিমধ্যে একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আরও বক্তব্য রাখেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঞা, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসিন, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন যুব দলের আহবায়ক হাবিবুর রহমান হাবুল সহ স্কুল এন্ড কলেজের শিক্ষকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, আপনারা যে শপথ নিয়েছেন সেই শপথ বাক্য যদি ঠিক রাখেন সেক্ষেত্রে কোন পুলিশের সদস্য যদি মাদক, জুয়া ও বাল্য বিয়ের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধেও কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :