পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও পাঁচ শিশু আহত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর উদ্ধারকারীরা মোট ১৯ শিশুকে ধ্বংসস্তূপ থেকে বের করে কাহনা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা ১৪ শিশুকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ছাদ ধসে পড়ার সময় কোচিং সেন্টারটিতে ৩০ জনেরও বেশি শিশু উপস্থিত ছিল। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছে কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকারীরা দীর্ঘ সময় ধরে অভিযান পরিচালনা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। দুর্ঘটনার সময় নিচতলায় কোচিংকেন্দ্রের পাঠদান চলছিল। নির্মাণকাজের কারণে ভবনটির কাঠামো দুর্বল হয়ে পড়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার পর ভবনটির মালিকসহ পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছাদ ধসের প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এদিকে, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শোকবার্তায় তিনি নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানান, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সূত্র: জিও নিউজ
আপনার মতামত লিখুন :