তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ০৮:০০ পিএম

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন। বেইজিং স্পষ্টভাবে জানিয়েছে, বাংলাদেশ ও চীনের মধ্যে যেকোনো সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এতে বাইরের কোনো দেশের প্রভাব বা হস্তক্ষেপ থাকা উচিত নয়। একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য দেন মুখপাত্র গুও জিয়াকুন। তিনি বলেন, বাংলাদেশ-চীন সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে পরিচালিত হয় না এবং এ ধরনের সহযোগিতায় বাইরের প্রভাব থাকা উচিত নয়।

ভারতীয় গণমাধ্যমের দাবি, তিস্তা নদীর অবস্থান ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কাছাকাছি হওয়ায় ঢাকা ও বেইজিংয়ের এই সহযোগিতা নিয়ে নয়াদিল্লির কৌশলগত উদ্বেগ রয়েছে।

গুও জিয়াকুন আরও বলেন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ। এ প্রকল্পে চীন তার সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

তিনি জানান, বাণিজ্য, পানি ব্যবস্থাপনা, জনকল্যাণসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও চীনের সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার আগ্রহ রয়েছে বেইজিংয়ের।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, তিস্তা প্রকল্প নিয়ে দুই দেশের বিশেষজ্ঞরা প্রথমবারের মতো যৌথ কারিগরি সম্ভাব্যতা যাচাই করবেন এবং এ বিষয়ে নীতিগত সমঝোতা হয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ে প্রকল্পটি বাস্তবসম্মত প্রমাণিত হলে চীনের সহযোগিতা আরও বাড়বে।

বিশ্লেষকদের মতে, ভারতের উদ্বেগের অন্যতম কারণ হলো তিস্তা নদীর কৌশলগত অবস্থান, যা শিলিগুড়ি করিডরের খুব কাছাকাছি। এই করিডর ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের একমাত্র স্থল সংযোগ হিসেবে পরিচিত, যা নিরাপত্তা ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

এ কারণে এ অঞ্চলে যেকোনো বহিরাগত প্রভাব বৃদ্ধি ভারতের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Link copied!