ভারতের উত্তরপ্রদেশে বাড়িতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ গত বুধবার সংশ্লিষ্ট বাড়িতে অভিযান চালায়।
পুলিশ জানায়, খবর পাওয়া যায় যে ওই বাড়িতে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে। এরপর অভিযান পরিচালনা করলে বাড়িতে থাকা চারজন পুরুষ পালিয়ে যান। এ সময় তিন নারীও সরে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
অভিযানের সময় একটি পাতিলে রান্না করা মাংস এবং একটি পলিথিন ব্যাগে কাঁচা মাংস উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বাড়িটি থেকে প্রায় এক কেজি রান্না করা এবং এক কেজি কাঁচা মাংস জব্দ করা হয়েছে।
জেলার পুলিশ সুপার অভিষেক সিং বলেন, জিজ্ঞাসাবাদের সময় গ্রেপ্তার নারীরা দাবি করেছেন, উদ্ধার হওয়া মাংস গরুর এবং পরিবারের এক সদস্য রাজ্যের বাইরে থেকে তা নিয়ে এসেছেন। মাংসের নমুনা পরীক্ষার জন্য ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার নারীদের স্বামী ও তাদের এক আত্মীয়কে আটকের চেষ্টা চলছে। ওই আত্মীয় মুম্বাইয়ে কর্মরত বলে জানা গেছে।
গ্রেপ্তার তিন নারীর বিরুদ্ধে উত্তরপ্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
এদিকে উদ্ধার হওয়া মাংস কোথা থেকে আনা হয়েছে এবং পরিবারটি এর আগেও গরুর মাংস সংগ্রহ করেছিল কি না, সে বিষয়েও পৃথক তদন্ত চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
আপনার মতামত লিখুন :