যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের এক যুগান্তকারী রায়ে প্রেসিডেন্টের নির্বাহী কর্তৃত্ব আরও বিস্তৃত হয়েছে। সোমবার ঘোষিত এই রায়ে আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অধিকাংশ স্বাধীন কেন্দ্রীয় সংস্থার প্রধানদের অপসারণের ক্ষমতা বহাল রাখলেও দেশের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভকে সেই পরিসরের বাইরে রেখেছে।
আদালত জানিয়েছে, ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে অপসারণের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে ঘিরে যে মামলা চলছে, তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকবেন। ট্রাম্প প্রশাসন তার বিরুদ্ধে গৃহঋণ জালিয়াতির অভিযোগ তুললেও কুক তা অস্বীকার করেছেন।
রায়ে বলা হয়েছে, ফেডারেল রিজার্ভ ছাড়া অন্য স্বাধীন সংস্থাগুলোর প্রধানদের প্রেসিডেন্ট প্রয়োজন মনে করলে অপসারণ করতে পারবেন। এর ফলে ১৯৩৫ সালের বহুল আলোচিত হামফ্রিজ এক্সিকিউটর মামলায় নির্ধারিত সেই সীমারেখা কার্যত বাতিল হয়ে গেল, যেখানে প্রেসিডেন্টের অপসারণ ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল।
প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, অপসারণ থেকে এ ধরনের সুরক্ষা সংবিধানে বর্ণিত ক্ষমতার পৃথকীকরণের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ফেডারেল বাণিজ্য কমিশনের সাবেক সদস্য রেবেকা স্লটারকে কোনো কারণ ছাড়াই বরখাস্ত করার ঘটনাকে কেন্দ্র করে মামলাটির সূত্রপাত হয়। এই রায়ের প্রভাব জাতীয় শ্রম সম্পর্ক পর্ষদ, মেধাভিত্তিক সুরক্ষা পর্ষদ এবং ভোক্তা পণ্য নিরাপত্তা কমিশনসহ অন্যান্য স্বাধীন সংস্থার ওপরও পড়বে বলে মনে করা হচ্ছে।
রায় ঘোষণার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এটিকে প্রেসিডেন্টের ক্ষমতা সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ রায়গুলোর একটি বলে উল্লেখ করেন। তিনি বলেন, এমন ঐতিহাসিক ও নজিরবিহীন রায়ে বিজয়ী বর্তমান প্রেসিডেন্ট হতে পারা তার জন্য বড় গৌরবের বিষয়।
আপনার মতামত লিখুন :