বর্তমান সময়ে দেশের নিরাপত্তার ধারণায় বড় ধরনের পরিবর্তন এসেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার চেয়ে এখন সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই অধিক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণমাধ্যম শাখার ফেসবুক পাতা ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিরাপত্তার চ্যালেঞ্জও বদলে গেছে। তাই প্রচলিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সাইবার পরিসরে সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, আনসার বাহিনীকে প্রচলিত ধ্যানধারণার গণ্ডি থেকে বের করে আনার উদ্যোগ প্রশংসার দাবিদার। ‘প্রান্তিক কণ্ঠস্বর’ গুজব মোকাবিলা, বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ এবং সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বে তথ্য একটি গুরুত্বপূর্ণ শক্তি। তাই তথ্যের সঠিক ব্যবহার ও নির্ভরযোগ্য তথ্যপ্রবাহ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ—উভয়ের জন্যই অত্যন্ত প্রয়োজনীয়।
আপনার মতামত লিখুন :