বুধবার থেকে ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম কার্যকর

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ০৯:০০ পিএম

বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়ায় আসছে নতুন পরিবর্তন। আগামী বুধবার (১ জুলাই) থেকে দেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের জন্য স্বয়ংক্রিয় সময়সূচি নির্ধারণ পদ্ধতি চালু হবে। এর ফলে আবেদনকারীরা আর নিজেদের সুবিধামতো আবেদন জমা দেওয়ার সময় বেছে নিতে পারবেন না।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ব্যবস্থায় অনলাইনে আবেদন সম্পন্ন করার সময় যে সময়সূচি খালি থাকবে, সেটিই আবেদনকারীর জন্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হবে। আলাদাভাবে সময় নির্বাচন করার সুযোগ আর থাকবে না।

আইভ্যাকের তথ্য অনুযায়ী, প্রতিটি কেন্দ্রের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতা বিবেচনায় রেখে ধারাবাহিকভাবে আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করবে অনলাইন ব্যবস্থা। এতে আবেদন গ্রহণ প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন পদ্ধতি চালু হলে নির্ধারিত সময় অনুযায়ী আবেদনকারীদের উপস্থিতি নিশ্চিত করা সহজ হবে। একই সঙ্গে পছন্দের সময়সূচি নির্বাচনকে কেন্দ্র করে যে চাপ ও জটিলতা সৃষ্টি হতো, তাও অনেকাংশে কমে আসবে।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের আবেদন গ্রহণের সময় নির্ধারিত তারিখ ও সময় মেনে সংশ্লিষ্ট ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আগামী ১ জুলাই থেকে দেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে এই নতুন ব্যবস্থা কার্যকর হবে।

Link copied!