খুচরা মুদ্রার সংকটের কারণে নিম্নমূল্যের সিগারেট কিনতে গিয়ে ক্রেতাদের অতিরিক্ত ৮০ পয়সা গুনতে হচ্ছে বলে জাতীয় সংসদে দাবি করেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা। তাঁর ভাষ্য, এই অতিরিক্ত অর্থ সরকারের কোষাগারে জমা না হয়ে অন্যত্র চলে যাচ্ছে, ফলে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে রাষ্ট্র।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আমির হামজা বলেন, বাজেট তখনই অর্থবহ হবে, যখন তা বাস্তবায়ন করা সম্ভব হবে। তাঁর মতে, প্রস্তাবিত বাজেটে ঘোষিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তিনি দাবি করেন, বাজেটের আকার ৬ লাখ ৩০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হলে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঋণের চাপ তুলনামূলকভাবে কমানো যেত।
বাজেটে বিভিন্ন পণ্যের মূল্য পুনর্বিবেচনার প্রস্তাব তুলে ধরে তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে সিগারেটের মূল্য নির্ধারণের ক্ষেত্রে খুচরা মুদ্রার সংকটের বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমানে নিম্নমানের একটি সিগারেটের নির্ধারিত মূল্য ৬ টাকা ২০ পয়সা। কিন্তু বাজারে খুচরা মুদ্রার অভাবে ক্রেতাদের সেটি ৭ টাকায় কিনতে হচ্ছে। ফলে অতিরিক্ত ৮০ পয়সা সরকারের রাজস্ব হিসেবে জমা হচ্ছে না। তাঁর হিসাব অনুযায়ী, এই অর্থ রাজস্ব হিসেবে আদায় করা গেলে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা অতিরিক্ত আয় করতে পারবে সরকার।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান কুষ্টিয়া-৩ আসনের এই সংসদ সদস্য।
আপনার মতামত লিখুন :