জুনে বিদ্যুৎ বিল বেশি এলে অভিযোগ জানাবেন যেভাবে

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ০৮:৪৬ পিএম

জুন মাসের বিদ্যুৎ বিল অন্য সময়ের তুলনায় বেশি এসেছে— এমন অভিযোগ বিভিন্ন জায়গা থেকে পাওয়ার পর বিষয়টি নিয়ে বিশেষ বার্তা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে গ্রাহকদের অভিযোগ জানাতে সংশ্লিষ্ট সংস্থার নির্ধারিত সেবানম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (২৯ জুন) দিবাগত রাতে মন্ত্রণালয়ের যাচাইকৃত ফেসবুক পাতায় প্রকাশিত এক বার্তায় বলা হয়, ২০২৬ সালের জুন মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি এসেছে বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্য, গ্রাহকদের হয়রানি কমাতে অতিরিক্ত বিলের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিযোগের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের নিজ নিজ বিদ্যুৎ বিতরণ সংস্থা অথবা নির্ধারিত সেবানম্বরে যোগাযোগ করে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।

অভিযোগ জানানোর সেবানম্বর

  • বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা: ১৬৯৯৯

  • বিপিডিবি: ১৬২০০

  • পল্লী বিদ্যুতায়ন বোর্ড: ১৬৮৯৯

  • ডিপিডিসি: ১৬১১৬

  • ডেসকো: ১৬১২০

  • নেসকো: ১৬৬০৩

  • ওজোপাডিকো: ১৬১১৭

মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিলসংক্রান্ত প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!