৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংসদে পাস

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ০৮:৩৪ পিএম

জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে ২০২৬–২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট। মঙ্গলবার পাস হওয়া এই বাজেট আগামীকাল ১ জুলাই থেকে কার্যকর হবে।

এর আগে, ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম বাজেট।

নতুন বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। এ ছাড়া রাজস্ব বোর্ডের বাইরে কর খাত থেকে ২৫ হাজার কোটি টাকা এবং করবহির্ভূত খাত থেকে ৬৬ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য রাখা হয়েছে।

ব্যয়ের খাতে ঋণের সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে ১ লাখ ৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণের সুদ পরিশোধে ২২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হবে।

এ অর্থবছরের বাজেটে মোট ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে বিদেশি উৎস থেকে ১ লাখ ৯ হাজার ৮৫০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Link copied!