আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা পর্যন্ত দলটি কোনো নতুন বা ভিন্ন নামে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না বলে স্পষ্ট জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মাঝেমধ্যেই ‘পরিশোধিত আওয়ামী লীগ’ কিংবা নতুন নামে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে নানা আলোচনা দেখা যায়। তবে সরকারের অবস্থান একেবারেই স্পষ্ট। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত দলটি কোনো নামেই রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করতে পারবে না।
তিনি বলেন, নাম পরিবর্তন করে ‘পরিশোধিত আওয়ামী লীগ’, ‘নতুন আওয়ামী লীগ’ অথবা ‘তৃণমূল আওয়ামী লীগ’— যে পরিচয়ই ব্যবহার করা হোক না কেন, কর্মসূচি পালনের কোনো সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি স্মরণ করিয়ে দেন, এ বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এরপরও কয়েকটি গণমাধ্যম সেই নির্দেশনা অমান্য করে তার বক্তব্য প্রচার করছে, যা আদালতের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন।
তিনি জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে গণমাধ্যমগুলোকে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দেওয়া হবে। সরকার আপাতত কঠোর কোনো পদক্ষেপে যাচ্ছে না। বরং গণমাধ্যমগুলো আইন ও আদালতের প্রতি সম্মান দেখিয়ে দায়িত্বশীল আচরণ করবে—এমন প্রত্যাশাই করছে সরকার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ।
আপনার মতামত লিখুন :