২০২৮ সাল থেকে দেশে নতুন জাতীয় শিক্ষাক্রম কার্যকর করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এর নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের দক্ষ, আধুনিক ও যুগোপযোগী নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মধ্যাহ্নভোজ, বিদ্যালয়ের পোশাক এবং খেলাধুলাভিত্তিক আনন্দময় শিক্ষার ব্যবস্থা চালু করা হচ্ছে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, ২০২৭ সালে জাতীয় শিক্ষাক্রম পরিমার্জন করা হবে এবং সেই পরিমার্জিত শিক্ষাক্রম ২০২৮ সাল থেকে সারা দেশে বাস্তবায়ন শুরু হবে।
উচ্চশিক্ষায় সেশনজট কমানোর বিষয়েও সরকারের অগ্রাধিকার রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সময়ের অপচয় রোধে নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষা সম্পন্ন করতে হবে। তাঁর ভাষ্য, মাধ্যমিক স্তর ১০ বছর, উচ্চমাধ্যমিক দুই বছর এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক চার বছরে শেষ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হলে দেশের জনমিতিক সুযোগ যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হবে না। তাই সময়োপযোগী ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য।
আপনার মতামত লিখুন :